মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

জনগণের অংশগ্রহণেই ষড়যন্ত্র প্রতিহত হবে: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত ভোটার অংশগ্রহণ বাড়লে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের মধ্যেই দ্রুত ফলাফল প্রকাশ করবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে গুলশান মডেল স্কুলে ভোট দেওয়ার পর রাজধানীর কয়েকটি এলাকা পরিদর্শন করেন তিনি।

তারেক রহমান বলেন, দেশের প্রকৃত মালিক জনগণ। তারা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করলে নির্বাচনের গ্রহণযোগ্যতা আরও দৃঢ় হবে। ঢাকায় ভোটারের উপস্থিতি সন্তোষজনক বলেও মন্তব্য করেন তিনি।

তবে নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলে তা গ্রহণযোগ্য হবে না বলে সতর্ক করেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু ও বিতর্কহীন হলে ফলাফল মেনে নিতে সব দলেরই কোনো আপত্তি থাকার কথা নয়।

সারাদেশে বিচ্ছিন্ন ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, এসব কর্মকাণ্ড মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি করে এবং ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা হিসেবে দেখা হয়।