নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
টিক “✓” চিহ্ন নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) নির্বাচনে পছন্দের প্রার্থীদের ক্রস “X” চিহ্ন দিয়ে ভোট দিতে হবে। সোমবার বিকেলে ভোটগ্রহণের সব প্রক্রিয়া তুলে ধরে এ তথ্য জানান নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. নাসরিন সুলতানা।
নির্বাচনের টিএসসি কেন্দ্র পরিদর্শন করে তিনি বলেন, “ভোটারদের প্রথমে মূল প্রবেশপথে নিজেদের পরিচয়পত্র বা পেইড স্লিপ দেখিয়ে প্রবেশ করতে হবে। নিরাপত্তার জন্য গেটে তাদের শরীর ও ব্যাগ পরীক্ষা করা হতে পারে। কেন্দ্রগুলোতে প্রতিটি হলের জন্য আলাদা প্রবেশপথ নির্দিষ্ট করা হয়েছে।
এরপর ভোটারদের তাদের নির্দিষ্ট ভোটকক্ষে যেতে হবে। ভোটকেন্দ্রের বাইরেই কোন টেবিলে তাদের ভোট দিতে হবে, তা উল্লেখ করা থাকবে। এর ফলে ভোটাররা সরাসরি নিজেদের কক্ষে চলে যেতে পারবেন।”
তিনি আরও বলেন, “ভোটাররা তাদের নির্দিষ্ট টেবিলে যাওয়ার পর পোলিং অফিসারকে ছবিযুক্ত আইডি কার্ড বা পেইড স্লিপ দেখাতে হবে। কর্মকর্তারা তাদের পরিচয় যাচাই করবেন এবং প্রয়োজনে তাদের বিভাগ বা চেয়ারম্যান সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন।
পরিচয় নিশ্চিত হওয়ার পর পোলিং অফিসার তালিকায় ভোটারকে চিহ্নিত করে একটি টিক চিহ্ন দেবেন। এরপর ভোটারকে তালিকায় স্বাক্ষর করতে হবে। স্বাক্ষরের পর তার হাতে অমোচনীয় কালি লাগানো হবে।”
অধ্যাপক ড. নাসরিন সুলতানা আরও জানান, “একজন কর্মকর্তা ভোটারকে ৬টি ব্যালট পেপার দেবেন— পাঁচটি কেন্দ্রীয় সংসদের জন্য এবং একটি হল সংসদের জন্য।
ব্যালট পেপারগুলো নিয়ে ভোটারকে ভোট দেওয়ার বুথে প্রবেশ করতে হবে। সেখানে তিনি তার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। তবে সেখানে মোবাইল ফোন বা অন্য কোন ইলেক্ট্রনিক ডিভাইস নেওয়া যাবে না।
ভোট প্রদানের জন্য ক্রস চিহ্ন ব্যবহার করতে হবে। ভোট দেওয়া শেষ হলে ভোটার হল সংসদের ব্যালটটি হলের ব্যালট বাক্সে এবং বাকি পাঁচটি কেন্দ্রীয় ব্যালট বাক্সে ফেলবেন। সবশেষে ভোটাররা নির্ধারিত এক্সিট পয়েন্ট দিয়ে ভোটকেন্দ্র থেকে বেরিয়ে যাবেন।”
প্রায় ছয় বছর পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। এই নির্বাচন নিয়ে দেশের রাজনীতি, গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েক দিন ধরে নানা আলোচনা চলছে। নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, প্রগতিশীল ছাত্র সংগঠনসহ বিভিন্ন ছাত্র সংগঠন আলাদা আলাদা প্যানেলে অংশ নিচ্ছে। স্বতন্ত্র প্রার্থীও হয়েছেন অনেকে।
এ নিয়ে বিভিন্ন জরিপ ফলাফলও প্রকাশ করতে দেখা গেছে। বিভিন্ন গণমাধ্যমও এটি নিয়ে নানা অনুষ্ঠান প্রচার কিংবা জরিপ চালিয়েছে।