নিজস্ব প্রতিবেদক
পদ্মা সেতু পারাপারে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম চালু হচ্ছে। এই সিস্টেমে টোল দেওয়ার আগে ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে যানবাহনের নিবন্ধন প্রক্রিয়া।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বাসেক) একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে।
বাসেক কর্মকর্তারা জানিয়েছেন, ডিজিটাল ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম চালু হলে প্রতিটি যানবাহন মাত্র ১০ সেকেন্ডে দ্রুত টোল পরিশোধ করে সেতুতে উঠতে পারবে। এতে সেতুর টোলপ্লাজায় গাড়ির চাপ ও সড়কে যানজট কমে আসবে।
সূত্র জানায়, বৃহস্পতিবার সেতু কর্তৃপক্ষের বোর্ড সভায় পুরো প্রক্রিয়াটি উপস্থাপন করা হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রক্রিয়াটির অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়।
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রকল্পের আওতায় গড়ে ওঠা একপে (Ekpay)-এর সঙ্গে গত জুলাইয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় সেতু ব্যবহারকারীরা বিকাশ, রকেট, উপায় ও নগদসহ মোট ৭টি মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস (MFS) এবং ৩৬টি ব্যাংক ব্যবহার করে টোল পরিশোধ করতে পারবেন।
এর আগে গত এপ্রিলে পূবালী ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, ডাচ বাংলা ব্যাংক পিএলসি এবং নগদসহ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে সেতু কর্তৃপক্ষ।
সেতু বিভাগের সচিব ও সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, “এটি শুধু পদ্মা সেতু নয়, বরং যমুনা সেতু, মুক্তারপুর সেতু ও কর্ণফুলী টানেলেও ধাপে ধাপে চালু করা হবে। এতে প্রযুক্তি নির্ভর টোল আদায়ে নতুন যুগের সূচনা হবে।”
অন্য এক কর্মকর্তা জানান, ইটিসি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ইতোমধ্যে গড়ে তোলা হয়েছে। হার্ডওয়্যার, সফটওয়্যার, অ্যাপ ইন্টিগ্রেশন এবং এপিআই সংযোজনের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।