মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

৩০০ প্রতিষ্ঠানকে ঋণ পুনঃতফসিলের সুবিধা: ব্যাংকার ও অর্থনীতিবিদদের মিশ্র প্রতিক্রিয়া

দেশের বৃহত্তম কয়েকটি করপোরেট ঋণখেলাপিসহ প্রায় ৩০০ প্রতিষ্ঠানকে ঋণ পুনঃতফসিলের সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ সুবিধার আওতায় প্রতিষ্ঠানগুলো স্বল্প ডাউন পেমেন্টে ও সর্বোচ্চ তিন বছরের গ্রেস পিরিয়ডে ১৫ বছর পর্যন্ত ঋণ পরিশোধের সুযোগ পেতে পারে।

এই পদক্ষেপকে ঘিরে ব্যাংকার ও অর্থনীতিবিদদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বলছেন, এ সুবিধায় বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ পুনঃতফসিলের সুযোগ পেলেও এতে তাদের ক্যাশ-ম্যানেজমেন্টে উন্নতি হওয়ার নিশ্চয়তা নেই।

অবশ্য অনেকে এ-ও বলছেন, ডলারের মূল্যবৃদ্ধি, সুদহার বৃদ্ধিসহ অনেক কারণই আছে প্রতিষ্ঠানগুলোর ঋণখেলাপি হয়ে যাওয়ার পেছনে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়া উচিত।

 তবে এর আগে এমন সুযোগ দেওয়ার পরও ঋণ আদায় না হওয়ার বিষয়টিকেও বিবেচনায় রাখতে বলছেন তারা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান টিবিএসকে বলেন, বিশেষজ্ঞ, মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি কমিটির যাচাই-বাছাইয়ের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘প্রায় ৩০০ প্রতিষ্ঠানের ঋণ পুনঃতফসিল করার অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের অনেকগুলোই বিগত ১৬-১৭ বছর ধরে রাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঠিকমতো ব্যবসা করতে পারেনি। ফলে তাদের ঋণগুলোও খেলাপি হয়ে পড়েছে।’

আরিফ আরও বলেন, ঋণ পরিশোধের সময়সীমা, ডাউনপেমেন্টের পরিমাণ ও গ্রেস পিরিয়ড ব্যাংক ও ঋণগ্রহীতা দুপক্ষের সমঝোতার মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। ‘এতে একদিকে যেমন ব্যাংকের প্রভিশনিং রিকোয়ারমেন্ট কমবে, অন্যদিকে গ্রাহকও উপকৃত হবে।’