মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

জাপানি অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের মেয়াদ বাড়ছে আরও দুই বছর

জাপানী অর্থনেতিক অঞ্চল

নিজস্ব প্রতিবেদক

নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানি উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হচ্ছে। একই সঙ্গে প্রকল্পে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহায়তা কমে আসছে ২৩৯.৫৫ কোটি টাকা।

প্রকল্পের দ্বিতীয় সংশোধনী প্রস্তাবের ওপর সম্প্রতি প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভার আয়োজন করে পরিকল্পনা কমিশন। সভায় প্রকল্পটির সংশোধনী চূড়ান্ত অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপনের সিদ্ধান্ত হয়েছে।

সূত্র জানায়, ২০২৩ সালের জুনের মধ্যে কাজ শেষ করতে ২ হাজার ৫৮২.১৮ কোটি টাকা ব্যয় ধরে প্রকল্পটির বাস্তবায়ন শুরু হয়েছিল ২০১৯ সালের মার্চে। শুরুর দিকে ধীরগতির কারণে ব্যয় অপরিবর্তিত রেখে মেয়াদ বাড়ানো হয় ২০২৫ সালের জুন পর্যন্ত। সংশোধিত মেয়াদকাল শেষে গত জুনে মাত্র ৬১ শতাংশ অগ্রগতি হওয়ায় আরও দুই বছর, অর্থাৎ ২০২৭ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

এই প্রস্তাব অনুমোদন পেলে সাড়ে চার বছরের কাজ শেষ করতে অতিরিক্ত সময় লাগছে চার বছর। মেয়াদ বাড়লেও দ্বিতীয় সংশোধনীতে প্রকল্পটির ব্যয় ১৯২.৮১ কোটি টাকা বা ৭.৪৭ শতাংশ কমছে। এর মধ্যে জাইকার সহায়তা কমছে ২৩৯.৫৫ কোটি টাকা।

শুরুতে এই প্রকল্পে বৈদেশিক সহায়তা বাবদ ২ হাজার ১২৭.৮৩ কোটি টাকা বরাদ্দ থাকলেও সংশোধনীতে তা নেমে আসছে ১ হাজার ৮৮৮.২৭ কোটি টাকায়। এ হিসাবে জাপানের উদ্যোক্তাদের জন্য বাস্তবায়ন করা প্রকল্পে জাপানের সহায়তা কমছে ১১.২৬ শতাংশ।

অবকাঠামো উন্নয়ন শেষ হলে জাপানি বিনিয়োগকারীসহ দেশি উদ্যোক্তাদের জন্য বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হবে বলে আশা করছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। এর আগে ২০১৫ সালে প্রকল্পটির বিষয়ে জাপানের সঙ্গে ঋণচুক্তি করে সরকার। চুক্তি হওয়ার প্রায় এক দশক পেরিয়ে গেলেও প্রকল্পের কাজ শেষ না হওয়ায় প্রত্যাশিত জাপানি বিনিয়োগের বাস্তবায়ন এখনো হয়নি।