দেশের ৩২৯টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের প্রকল্পে পাঁচ বছর সাত মাসে ব্যয় হয়েছে মাত্র ১০৫.৯৭ কোটি টাকা। প্রাথমিক মেয়াদ শেষ হলেও ২০,৫২৫.৬৯ কোটি টাকার এ মেগা প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি হয়েছে মাত্র ০.৫৩ শতাংশ, আর টাকার অঙ্কে অগ্রগতি তিন শতাংশেরও কম। এ গতিতে অর্থ ব্যয় হলে পুরো বরাদ্দ খরচ হতে লাগবে এক সহস্রাধিক বছর।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) এক সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে। সেখানে উল্লেখ করা হয়, প্রকল্প শুরু থেকে এখন পর্যন্ত কারিগরি শিক্ষা অধিদপ্তরের আটজন কর্মকর্তা পর্যায়ক্রমে প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করলেও ধারাবাহিক উদ্যোগের অভাবে অগ্রগতি হয়নি।
প্রকল্পটির লক্ষ্য ছিল ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণিতে একটি করে কারিগরি বিষয় অন্তর্ভুক্ত করে এসএসসি ও এইচএসসি ভোকেশনাল কোর্স চালুর মাধ্যমে প্রতি বছর প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থীকে কারিগরি শিক্ষার আওতায় আনা। এতে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।
কিন্তু অনুমোদনের ছয় মাস পর সরকারি আদেশ (জিও) জারি এবং প্রথম পিডি নিয়োগে আরও নয় মাস সময় নেওয়ায় প্রকল্পটি শুরুতেই পিছিয়ে পড়ে। পরবর্তীতে কোভিড মহামারির ধাক্কায় কার্যক্রম প্রায় থমকে যায়। সাম্প্রতিক সময়ে কিছু অগ্রগতি হলেও ভূমি অধিগ্রহণ জটিলতা, পরিবেশ ছাড়পত্রে বিলম্ব ও জনবল ঘাটতির কারণে প্রকল্প এখনও গতি পায়নি।
