দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে জয়ী হয়েছেন সাদিক কায়েম। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে।
ঘোষিত ফলে দেখা যায়, ১৮টি হলের মোট ভোটের হিসাবে সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদ পেয়েছেন পাঁচ হাজার ৬৫৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা দুই হাজার ৫৪৯, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আব্দুল কাদের ৬৬৮ এবং স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন এক হাজার ৮১৫ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন এসএম ফরহাদ। তিনি পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ তানভীর বারী হামিম পেয়েছেন পাঁচ হাজার ২৮৩ ভোট। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আবু বাকের মজুমদার পেয়েছেন ৮৪৫ ভোট এবং প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন চার হাজার ৬৪৫ ভোট।
এছাড়া সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী হয়েছেন মহিউদ্দীন খান। তিনি পেয়েছেন নয় হাজার ৫০১ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন চার হাজার ২৫৮ ভোট।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই নির্বাচনে ডাকসুর ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ভিপি পদে ৪৫, জিএস পদে ১৯ এবং এজিএস পদে ২৫ জন ছিলেন। নারী প্রার্থী ছিলেন মোট ৬২ জন—ভিপি পদে ৫, জিএস পদে একজন এবং এজিএস পদে ৪ জন।
মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। আটটি কেন্দ্রে ৮১০টি বুথে অনুষ্ঠিত নির্বাচনে ভোটগ্রহণের হার ছিল ৮০ শতাংশেরও বেশি।