ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তন্বি। বুধবার (১০ সেপ্টেম্বর) সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, তন্বি পেয়েছেন ১১ হাজার ৭৭৭ ভোট।
ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯–২০ সেশনের শিক্ষার্থী তন্বি গত বছরের ১৫ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হয়েছিলেন। তার প্রতি সংহতি জানিয়ে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্রসংসদসহ ছয়টি প্যানেল ওই পদে কোনো প্রার্থী দেয়নি। প্রার্থিতা ঘোষণার পর এসব সংগঠনকে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন তিনি।
অন্যদিকে, ডাকসুর শীর্ষ তিন পদ—সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস)—সবকটিতেই জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। ভিপি পদে সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।
জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দীন খান জয়লাভ করেছেন। এছাড়া স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা ৩ হাজার ৩৮৯ এবং স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ৩ হাজার ৮৮৪ ভোট পেয়েছেন।