মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

বাংলাদেশের শিল্প খাতে আমানের অবদান প্রশংসনীয়: জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্স

ঢাকায় নিয়োজিত জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্স আনজা কার্স্টেন বলেছেন, আমান ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের শিল্পে যে অবদান রেখে চলেছে তা সত্যিই প্রশংসনীয়।

 

তিনি আরও বলেছেন, টেকসই উৎপাদন ও উদ্ভাবনে জার্মানি ও বাংলাদেশের সহযোগিতা আরও জোরদার হওয়া প্রয়োজন।

 

বুধবার তিনি আমান গ্রুপ জার্মানির সহযোগী প্রতিষ্ঠান আমান বাংলাদেশ লিমিটেড-এর উৎপাদন কারখানা পরিদর্শন করে এ সব কথা বলেন।

এ সময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের আরও দুই কর্মকর্তা।

আমান বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর ও বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিজিসিসিআই) পরিচালক মো. রকনুজ্জামান, এফসিএ এবং প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ নেতৃত্ব দল আনজা কার্স্টেনকে অভ্যর্থনা জানান।

পরিদর্শনকালে তিনি অত্যাধুনিক উৎপাদন সুবিধা ঘুরে দেখেন এবং ২০১৩ সালে স্ট্যান্ডার্ড গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠার পর থেকে আমানের যাত্রাপথ সম্পর্কে অবহিত হন।

আলোচনায় বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক খাতে আমানের অবদান, বিশ্বমানের পণ্য উৎপাদন, কার্যকর ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়নের প্রতি প্রতিশ্রুতির বিষয়গুলো তুলে ধরা হয়।

উদ্ভাবন, গুণগত মান ও দায়িত্বশীলতার মতো জার্মানির মূল মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে আমান বাংলাদেশ নিয়মিতভাবে জ্বালানি সাশ্রয়ী কার্যক্রম, সম্পদের দক্ষ ব্যবহার এবং কমিউনিটি উন্নয়ন কর্মসূচিতে বিনিয়োগ করে আসছে।

এর মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশের শিল্পোন্নয়নে দায়িত্বশীল অংশীদার হিসেবে ভূমিকা রাখছে।

১৮৫৪ সাল থেকে ঐতিহ্যবাহী আমান গ্রুপ বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রিমিয়াম সেলাই ও এমব্রয়ডারি থ্রেড এবং স্মার্ট ইয়ার্ন প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।

এর অংশ হিসেবে আমান বাংলাদেশ লিমিটেড দেশীয় শিল্পের অগ্রযাত্রা ও আমান গ্রুপের বৈশ্বিক উৎকর্ষে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।