মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

সার আমদানিতে প্রথমবারের মত আইডিবির ঋণ নিচ্ছে সরকার

সার আমদানির জন্য বাংলাদেশকে ১০ কোটি মার্কিন ডলার বা প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ঋণ দিচ্ছে ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি)। এ অর্থায়ন কার্যক্রমে অংশ নিচ্ছে আইডিবির সহযোগী সংস্থা আন্তর্জাতিক ইসলামিক বাণিজ্য ও অর্থায়ন সহযোগিতা সংস্থা (আইটিএফসি)।

বাংলাদেশকে জ্বালানি আমদানিতে নিয়মিত ঋণ দিয়ে আসা আইটিএফসি এবার প্রথমবারের মতো খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সার আমদানির ক্ষেত্রে অর্থায়ন করছে।

বুধবার সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ সরকার ও আইটিএফসির মধ্যে দুটি গুরুত্বপূর্ণ অর্থায়ন চুক্তি সই হয়েছে। সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, চুক্তিগুলো বাংলাদেশের সার আমদানিতে সহায়তা করবে, যা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চুক্তিগুলোর মধ্যে রয়েছে মাস্টার মুরাবাহা অর্থায়ন চুক্তি এবং সিন্ডিকেটেড মুরাবাহা অর্থায়ন সুবিধা, যার আওতায় আইটিএফসি প্রাথমিকভাবে ১০ কোটি মার্কিন ডলার অর্থায়ন করবে।

ইআরডির পক্ষ থেকে জানানো হয়েছে, আইটিএফসির অর্থায়নের মাধ্যমে প্রতি বছর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জ্বালানি আমদানি করে আসছে। এবার সার আমদানিতে নেওয়া এ উদ্যোগ বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে সহায়ক হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইআরডির সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী। প্রতিনিধি দলে আরও ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মো. এমদাদ উল্লাহ মিয়া এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমেদ।

ইআরডির সচিব বাংলাদেশের পক্ষে মাস্টার মুরাবাহা অর্থায়ন চুক্তিতে স্বাক্ষর করেন এবং কৃষি মন্ত্রণালয়ের সচিব সিন্ডিকেটেড মুরাবাহা অর্থায়ন সুবিধায় স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে শাহরিয়ার কাদের সিদ্দিকী বিভিন্ন ক্ষেত্রে আইটিএফসির সহায়তার গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশের জ্বালানি ও খাদ্য নিরাপত্তা জোরদারে এ সংস্থার অব্যাহত সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

ইআরডির বিজ্ঞপ্তিতে বলা হয়, এ চুক্তি বাংলাদেশের টেকসই উন্নয়ন ও কৌশলগত লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক অংশীদারিত্বের গুরুত্ব ও প্রতিশ্রুতি প্রতিফলিত করে।