মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

নারায়ণগঞ্জে প্রকৌশলীর বিরুদ্ধে শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ


স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নারায়ণগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী আহসানুজ্জামান দুলালের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে।

তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর অভিযোগ জানিয়েছেন এলাকাবাসী।

লিখিত অভিযোগে জানা গেছে, নির্বাহী প্রকৌশলী আহসানুজ্জামান দুলাল গত ৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ এলজিইডি ভবনের সম্মেলন কক্ষে তার ব্যক্তিগত ৭০-৮০ জন বন্ধুবান্ধব নিয়ে ‘ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এইচএসসি-৯৬’ নামে একটি সংগঠনের নির্বাহী সভা আয়োজন করেন।

এ সময় তারা দিনভর আড্ডা ও আমোদ-প্রমোদে সময় কাটান এবং সন্ধ্যার পর তাদের হৈ-হুল্লোড়ে চারপাশে ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়।

নারানগঞ্জ এলজিইডি অফিস
সরকারি ভবনে ব্যক্তিগত বন্ধুবান্ধব নিয়ে সভা শেষে ফটোসেশান

সরকারি ছুটির দিনে সরকারি দপ্তরের অডিটোরিয়াম ব্যবহার করে নিজেকে রাজনৈতিক নেতার মতো উপস্থাপন করা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণ হিসেবে সন্দেহাতীতভাবে গণ্য হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, আহসানুজ্জামান দুলাল নারায়ণগঞ্জ জেলায় আসার পর থেকে দাপ্তরিক ফাইল আটকে রাখেন এবং পরে ঘুষের বিনিময়ে তা ছাড়তে হয়; যা বর্তমানে তার দপ্তরে নিয়মে পরিণত হয়েছে।

এছাড়া, যারা বিভিন্ন দাপ্তরিক কাজে তার দপ্তরে যান, সবাই দীর্ঘদিন ধরে দুলালের আর্থিক অনিয়মের কারণে নিপীড়নের শিকার হচ্ছেন।

যদি তার অবৈধ উপার্জন না থাকত, তবে দেশের বিভিন্ন জেলা থেকে ব্যক্তিগত ৭০-৮০ জন বন্ধুকে নিজ খরচে গাড়িতে এনে সারাদিন ধরে খাওয়া-দাওয়ার আয়োজন করার মতো অর্থনৈতিক সামর্থ্য তার থাকত না।

চাষাড়া এলাকার আল নায়েম সিফাত ও পশ্চিম ইজদাইর এলাকার আব্দুল সালাম প্রিন্স বলেন, আগত ব্যক্তিদের অনেকেই বিগত ফ্যাসিস্ট সরকারের নীতি-আদর্শকে দৃঢ়ভাবে লালন করেন।

দুলালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে তার এই পথ অনুসরণ করে ভবিষ্যতে অন্যান্য সরকারি কর্মচারীরাও সরকারি সম্পদের অপব্যবহার করে নিজেকে বড় করে দেখানোর মাধ্যমে নৈতিকতার অবক্ষয়ের দিকে ধাবিত হবেন।

আমাদের অভিযোগসমূহ তদন্ত করলেই শতভাগ সত্যতা প্রমাণিত হবে।